Monday, 26th October, 2026

দলিল জালিয়াতি মামলায় আসিফ সরকার কারাগারে

দলিল জালয়াতি মামলায় আসিফ সরকার নামে এক প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৭ অক্টোবর) দুপুরে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তার নিপা এই আদেশ দেন। আসামী আসিফ সরকার সখিপুর থানাধীন নয়ন সরকার কান্দি গ্রামের মৃত মুনছুর আহমেদ সরকারের ছেলে।
মামলার আর্জি ও স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াতি, চাঁদাবাজী, এসিড সন্ত্রাস ও মাদক চোরাচালানের সাথে জড়িত রয়েছে এই আসিফ সরকার। জালিয়াত আসামী দাবী করে ১৯৬১ সনে মৃত হাজী নয়ন শরীফ সরকারের কাছ থেকে জমি ক্রয় করেছে। সেই মর্মে একটি দলিলও সৃষ্টি করে। সে বিগত সময় এসিড সন্ত্রাস ও মাদক মামলায় বহুবার হাজতে গিয়েছে। বাজারের দোকান দখল ও চাঁদাবাজী তার একমাত্র পেশা।
মামলার বাদী ইকবাল শরীফ সরকার বলেন, হাজী নয়ন শরীফ সরকারের নাতির ছেলে প্রতারক আসিফ সরকার। জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা ১৯৬১ সালের একটি দলিল দিয়ে মরহুম হাজী নয়ন শরীফ সরকারের জমি দখলের চেষ্টা করে সে। অথচ হাজী নয়ন শরীফ সরকারের জীবদ্দশায় জমি ক্রয় ছাড়া বিক্রি করার ইতিহাস নাই। বিষয়টি নিয়ে এলাকায় ও থানায় দরবার শালিশী হয়। সেখানে আসিফ সরকার একটি দলিল বের করে। সেই দলিলের কোন অস্তিত্ব না থাকায় জালিয়াতির অভিযোগে আদালতে সিআর ৯৯/২০২৪ মামলা দায়ের করি। আদালত সখিপুর থানা পুলিশের মাধ্যমে তদন্ত করিয়ে সত্যতা পায়। পরে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। আসামী একজন খারাপ প্রকৃতির লোক। বিগত দিনে আসামী আসিফ সরকার মাদক ও এসিড মামলায় হাজতে গেছে। এছাড়াও তার বিরুদ্ধে বাজারে চাঁদাবাজী ও দোকান দখলের অভিযোগ রয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, দলিল জালিয়াতি মামলার ওয়ারেন্টের আসামী আসিফ সরকার। আজ সে আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করেছে।