শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ পালন করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারি পরিচালক সুব্রত ভট্রাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরীন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ শরীফ উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানাউল্লাহ মোহাম্মদ আল বিদা, এনডিসি মোঃ সোহেল রানা। বক্তব্য রাখেন এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, সাংবাদিক আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভায় জেলা প্রশাসক বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন খাদ্যের গুণগতমান তথা নিরাপদ খাদ্য নিশ্চিত করা। তবেই খাদ্যের পুষ্টি নিশ্চিত হবে, গড়ে উঠবে মেধাবী জাতি।
নিরাপদ খাদ্যের জন্যে উৎপাদন ও বিক্রেতা পর্যায়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাবারের নমুনা পরীক্ষা, বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা, উৎপাদন পর্যায়ে লাইসেন্স প্রদান কার্যক্রমে আরো যত্নশীল হওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন।