Saturday, 24th October, 2026

নড়িয়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ১১৪ জন গ্রাম পুলিশ সদস্যকে (দফাদার ও মহল্লাদার) সাইকেল দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাদের হাতে সাইকেল তুলে দেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করতে তিনি নিজেই সাইকেল চালান।
জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এসব সাইকেল বিতরণ করা হলো। সাইকেল ছাড়াও পোশাকসহ অন্যান্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। নড়িয়া উপজেলা ছাড়াও জেলার পাঁচটি উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশ তৃণমূল মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকে। এ সাইকেল পেয়ে তাদের কাজের গতি আরো বাড়বে।
গ্রাম পুলিশ সদস্যরা জানান, অনেক সময় প্রত্যন্ত এলাকায় তাদের হেঁটে দায়িত্ব পালন করতে হয়। এতে যেমন বিড়ম্বনায় পড়তে হয়, তেমনি সময়ও বেশি লাগে। তাই সাইকেল পাওয়ায় তাদের দায়িত্ব পালনে সুবিধা হলো।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, নড়িয়া থানার ওসি অবনী শংকর কর প্রমূখ।