Monday, 26th October, 2026

ভেদরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ভেদরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় উপজেলার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মহিষারের গণসমাধি, শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিনের কবরসহ স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান হাওলাদার, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এর পরে উপজেলার ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন করি মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা দেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতিকে আলোর পথের যাত্রা আখ্যায়িত করে একে অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, “সমগ্র জাতির কাছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে আমার আহবান থাকবে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন এদেশকে আমরা এমনভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলবো যাতে বাঙালি জাতিকে আর বিশ্বের কারো কাছে মাথা নত করে চলতে না হয়। আমরা উন্নত-সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করেই এগিয়ে যাব।” তিনি বলেন, “আলোর পথের এই যাত্রা অব্যাহত থাক, বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন লাভ করুক।”
নাহিম রাজ্জাক বলেন, “আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা ধরে রেখে এর সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেব, এটাই আমাদের লক্ষ্য এবং সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।” কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতির মন্দাভাব এবং দেশে দেশে খাদ্য সংকট থাকলেও আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে পারায় তাঁর সরকারের সাফল্যেও উল্লেখ করেন।