শরীয়তপুরের ডামুড্যায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় শিধলকুড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরশিধলকুড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ। তথ্যসেবা কর্মকর্তা (অতিঃদাঃ) বিথি দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, তথ্য সহকারী হাবিবা জান্নাত। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যগণরা ।
স্বাগত বক্তব্যে তথ্যসেবা কর্মকর্তা (অতিঃদাঃ) বিথি দাস বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘ডামুড্যা তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা গ্রহিতা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।
ডামুড্যা উপজেলা উপজেলা নির্বাহী নাহিয়ান আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমাত্রিক প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অসমতা হ্রাস করা এবং দারিদ্র্য নির্মূল করা। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে।
এক্ষেত্রে আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
যেমন-নারী শিক্ষার হার বাড়ানো, তাদেরকে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ করা, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থাকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।