সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমারের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে কালো ব্যাজ ধারণ, মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (২ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনজিৎ কুমার বারয়ারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক ও ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, মাস্টার মকবুল হোসেন, মজিবুর রহমান, সুলতানা মুক্তা, পতিতপাবন বিশ্বাস প্রমূখ।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘সরকারের কাছে অনুরোধ করব উৎপল কুমার হত্যাকাণ্ডের যেন দ্রুত বিচার হয়। আর কেউ যেন এ পেশাকে কলুষিত না করে। অভিভাবকদের বলব, তারা তাদের সন্তানদের যেন নৈতিক শিক্ষা দেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি সমাজ পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আমরা কতটা নিচে নেমেছি সেখানে আমাদের শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এ প্রতিবাদ শুধু শিক্ষক বা শিক্ষার্থীর না। এ প্রতিবাদ দেশের সংবেদনশীল মানুষের, বিবেকবান মানুষের, এ দেশকে যারা ভালোবাসে তাদের। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
শুধু অপরাধীকে, একজন খুনিকে ধরে আইনের আওতায় শাস্তি দিলেই যে অপরাধের দায় থেকে মুক্তি পেয়ে যাব আমরা তা নয়। আমাদের সমাজেও সংস্কার জরুরী। সরকারের কাছে অনুরোধ করব উৎপল কুমার হত্যাকাণ্ডের যেন বিচার হয়। আর কেউ যেন এ পেশাকে কলুষিত না করে। শিক্ষককে যেন বাবার আসনে স্থান দেয়া হয়। অভিভাবকদের বলব, তারা তাদের সন্তানদের যেন নৈতিক শিক্ষা দেন।