আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলার বেসরকারি উন্নয়ন সংগঠন এসডিএসের আয়োজনে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নারী নেত্রী ও শরীয়তপুর জেলা জজকোর্টের এ্যাডভোকেট রাশিদা মির্জা। আরো বক্তব্য রাখেন এসডিএস এর পরিচালক, বি এম কামরুল হাসান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানববন্ধনে সভাপতিত্ব করেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
মানববন্ধন থেকে জানানো হয়, নারী ও কন্যা শিশুর প্রতি সংঘটিত সকল ধরণের নির্যাতন নির্মূল করার দৃঢ় প্রত্যয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছর ১৬ দিনব্যাপী নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ । এই প্রচারাভিযান ২৫ শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিয়ে সূচিত হয় এবং ১০ ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস পালনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এসডিএস প্রতিবছরের ন্যায় এবছরও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ১৬ দিনের ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমের মধ্যে রয়েছে কিশোর-কিশোরীদের বাইসাইকেল র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, লিফলেট ক্যাম্পেইন, কিশোরীদের ক্রিকেট ম্যাচ, আলোচনা সভা।
সভাপতির বক্তব্যে রাবেয়া বেগম বলেন, আমরা এসডিএস প্রতিষ্ঠার পর থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা সকল কার্যক্রমকে জেন্ডারের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে এবং জেন্ডারকে মূলধারায় আনয়নে কাজ করছি। এ লক্ষ্যে এসডিএস তার সকল উন্নয়ন প্রকল্পে জেন্ডার ইস্যুকে সম্পৃক্ত করেছে এবং কর্মকর্তা ও কর্মীদের জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সংবেদনশীল করেছে।