শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে জাজিরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আরাচন্ডী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাজিয়াতলী এলাকার শিশু মিয়ার ছেলে রুবেল (২৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার চাকুলিয়া পশ্চিম পাড় এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩২)।
জাজিরা থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম জাজিরা পৌরসভার আড়াচন্ডি এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ভোর ৪টা ৫ মিনিটে একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে, বিশেষ কৌশলে লুকানো ৮ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা রুবেল ও আব্দুর রশিদ পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানাযায়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। আটককৃত পিকআপ ও মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।