Monday, 26th October, 2026

শরীয়তপুরে আন্তর্জাতিক অভিবাসন ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

শরীয়তপুরে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পাশাপাশি আম্রকাননে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শেষে তিনজন সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, সভায় অংশগ্রহণকারীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিদেশ ফেরত কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনঃএকত্রীকরণে সরকারি ও বেসরকারি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এই সময় জেলা প্রশাসক, মেলায় অংশগ্রহণকৃত সকল প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে প্রবাসীরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন।
সকাল ১০টায় র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন ও মো: মাসুদুল আলম সহ বিভিন্ন এনজিও, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। পরে সাদিয়া জেরিন ও মো: মাসুদুল আলম মেলায় অংশগ্রহণকৃত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তারা বিভিন্ন স্টলের সেবা সম্পর্কে জানেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি অংশগ্রহণকৃতদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের কর্মযজ্ঞ কে সাধুবাদ জানান।
মেলায় শরীয়তপুর জেলা প্রশাসন, টিটিসি, জেলা কর্মসংস্থান অফিস, এনজিও সংগঠন, রামরু, ওকাপ, এসডিএস, প্রবাসী কল্যাণ ব্যাংক, বেসরকারি খাতের প্রতিনিধিসহ বিদেশ ফেরত কর্মী, সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী প্রবাসী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
মেলায় অংশগ্রহণকৃত এনজিও সংগঠন রামরুর শরীয়তপুর জেলা সমন্বয়ক রওনক জাহান হুংকার কে বলেন, রামরু একটি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান, যা প্রবাসী ও অভিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করে। মাঠ পর্যায়ে গবেষণার মাধ্যমে এটি অভিবাসীদের সমস্যা গুলো চিহ্নিত করে এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে রামরু সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের আয়োজন করে। অভিবাসী ও তাদের পরিবারের আর্থিক পরিকল্পনা এবং দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। একই সঙ্গে, অভিবাসন খাতের উন্নয়নে নীতিগত পরিবর্তনের জন্য সরকারের সঙ্গে এডভোকেসি কার্যক্রম পরিচালনা করে। বিদেশ ফেরত অভিবাসীদের পুনর্বাসনে রামরু তাদের আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করে। অভিবাসন প্রক্রিয়াকে সুষ্ঠু, নিরাপদ এবং টেকসই করা আমাদের লক্ষ্য।