শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, যতদিন সততা, ন্যায় পরায়নতা ও আদর্শিক নেতা হয়ে কাজ করতে পারবো ততদিন এলাকায় আসবো আপনাদের পাশে থাকবো। যেদিন আমি আমার আদর্শে পিছপা হবো সেদিন রাজনীতি থেকে ইস্তফা দিয়ে এলাকা ছেড়ে চলে যাবো, আমি আর রাজনীতি করার জন্য এলাকায় আসবো না। অন্যায়ের সাথে আপোষ করে আমি রাজনীতি করিনা করবো না।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি চাই আমার কোন নেতাকর্মীরা সাধারণ মানুষের উপর জুলুম বা অন্যায় করবে না। তারা কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না। যারা শরীয়তপুর-২ আসন এলাকায় মাদক ব্যবসা করে, তারা এখনই এলাকা ছেরে চলে যান। তা নাহলে মাদক কারবারীদের কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। পরিবার, সমাজ ও দেশ ধ্বংসের জন্য মাদক বর্তমানে ভয়াবহ সমস্যা। পতিত আওয়ামীলীগ যা শিখিয়ে গেছে সেই শিক্ষা ভুলে যান। শহীদ জিয়ার আদর্শের দল ও কিরণের নেতৃত্বে কোন মাদক সেবী বা কারবারীর স্থান হবে না।
চরআত্রা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সী শামসুল আলম দাদন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহবায়ক এস এম এ হামিদ, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান প্রমুখ।