বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়নে জনসমাবেশের আয়োজন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে অন্তত পাঁচ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল জনস্রোতে রূপ নেয়।
জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির শরীয়তপুর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, “সংসদ নির্বাচনই দেশের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, তারাই পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেবে। এটি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নয়। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং সেটি সর্বদলীয়ভাবে অংশগ্রহণমূলক হতে হবে।”
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার সম্মুখীন ছিলেন। রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়া, মিছিল-মিটিং করতে না পারা, মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাবাসের কারণে তারা দীর্ঘদিন কোণঠাসা অবস্থায় ছিলেন। তবে গত ৫ আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুর বিএনপি নতুন উদ্দীপনায় সক্রিয় হয়ে ওঠে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেন, তখন সেই দফাগুলো বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটায় এই বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই পদ্মা নদীবেষ্টিত এই প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে এবং ঢাক- ঢোল বাজিয়ে ট্রলার ও পায়ে হেঁটে সভাস্থলে আসতে থাকেন। তাদের বিপুল অংশগ্রহণে মুহূর্তেই পুরো সভাস্থল এক বিশাল জনস্রোতে পরিণত হয়।
কাঁচিকাটা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম বেপারীর সভাপতিত্বে আয়োজিত এই জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম এ হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, নড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।