Monday, 26th October, 2026

ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কি আওয়ামীলীগের জুলুম চলবে: ডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাইনা। আমি সরকারকে বলেছি আমাকে গ্রেফতার করে জেলে পাঠানোর ব্যবস্থা করেন। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের শিকার আমার ভাই এটিএম আজহারুল ইসলামকে বন্দি রেখে আমি মুক্ত থাকবো না। আমি সরকারের কাছে জানতে চাই ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে এখনো কি আওয়ামীলীগের জুলুম চলবে?
তিনি বলেন, উন্নয়নের নামে বাটপারি ও ধোকাবাজি থেকে জাতিকে মুক্তি দিতে হলে আমাদের দুটি আদর্শ ধারণ করতে হবে।
এক উন্নত আদর্শ, আর সৎ চরিত্রবান যোগ্য মানুষ। আমাদের সামনে উত্তম আদর্শ হচ্ছে আল কোরআন। আর উত্তম চরিত্রের মানুষ তৈরি করার কাজ করে জামায়াত ইসলামী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে জনগণ দেখেছে, তাদের সম্পর্কে আমি কিছুই বলবোনা। তারা ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ। আমাদের উন্নয়ন হয় জনগণের ট্যাক্সের টাকায়। আর বিদেশী ঋণের অর্থে। যার দায় দেশের একজন ভিক্ষুক থেকে আজকে জন্ম নেয়া শিশুর মাথার উপরও বর্তায়। সঠিক উন্নয়ন করার জন্য আপনাদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি, এএইচ হামিদুর রহমান আযাদ, শরীয়তপুর জেলা জামায়াত ইসলামী আমির আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহামুদ হোসেন বকাউল।
সভা শেষে আমিরে জামায়াত ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দিতে শহীদ বেলাল এর কবর জিয়ারত ও দোয়া এবং তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি হ্যালিকপ্টার যোগে সকাল ৮ টা ৪৬ মিনিটে ভেদরগঞ্জ আসেন। কর্মসূচি শেষ করে ১০ টা ৪০ মিনিটে ভেদরগঞ্জ ছেরে যান।