ডামুড্যা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাটা পাইক ব্রিক্স (হাওলাদার ব্রিক্স) এ অভিযান চালায়। এ সময় মালিক পক্ষ বৈধ কোন অনুমোতি পত্র দেখাতে না পারায় এক্সকেভেটর পানির পাম্প দিয়ে ভাটার কিলন সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাশেল নোমান বলেন, আমরা ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর নেতৃতে পাইক ব্রিক্স (হাওলাদার ব্রিক্স) এ অভিযান চালিয়ে এক্সকেভেটর ও পাম্পের সাহায্যে পানি দিয়ে কিলন সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সকল সদস্য, ডামুড্যা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক জানান, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় অবস্থিত মেসার্স পাইক ব্রিকস্ (হাওলাদার) ব্রিকস ফিল্ডে গত ডিসেম্বরে অভিযান পরিচালনা করা হয়। তখন তাদের ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সসহ বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দেয়া হয় ইঁভাটার সব ধরণের কাগজপত্র করে ভাটা পরিচালনা করতে হবে। কিন্তু তারা কোন ধরণের বৈধ কাগজপত্র না করে অনুমোদনহীন ভাবে ইটভাটা পরিচালনা করায় আজ ভাটাটি ভেঙে দেয়া হয়েছে।