Monday, 26th October, 2026

নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের শরীয়তপুর সদর উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া শাহাদাৎ হোসেন লিটন সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুল কাদের ছৈয়ালের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও তিনি কৌশলে আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় কুরাশী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ওই সময় শাহাদাৎ হোসেন লিটনকে সনাক্ত করে আটক করে থানা হাজতে রাখা হয়। রবিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে শরীয়তপুর আদালতে পাঠানো হয়।