ভেদরগঞ্জের সখিপুরে মাদ্রাসার শিক্ষার্থী তায়েবা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সখিপুর প্রেস ক্লাবের সামনে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরণের ঘটনা থামবে না। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক মঞ্জুরুল ইসলাম সরদার, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব সরদার, তোফায়েল সরদার, ফাইজুল ইসলাম সরদার ও নিহাদ মাহমুদ। এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে বুধবার বিকেল সখিপুর ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে শিশু তায়েবা নিখোঁজ হয়। সে ওই এলাকার দারুন নাজার মাদ্রাসার নার্সারীর শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে খেলতে বের হয়ে তায়েবা নিখোঁজ হয়। এ পরে খোঁজাখুঁজি, থানায় নিখোঁজ ডায়েরি, এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। পরে ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেফটিক ট্যাংকের ভিতর তায়েবার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সে দিন রাতেই ময়না তদন্ত শেষে সখিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজার পরে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছে এলাকাবাসী।