Monday, 26th October, 2026

শরীয়তপুরে কীর্তিনাশা খাল পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

শরীয়তপুরের কীর্তিনাশা-খাদ্য গুদাম খাল এবং আংগারিয়া-ডামুড্যা খালের পরিছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও শরীয়তপুর পৌরসভা।
সোমবার (২৪ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো: ওয়াহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক।
পৌর কর্তৃপক্ষ জানান, প্রথম ধাপে খালের ময়লা-আবর্জনা অপসারণ করে খালের সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পরে খালের দু’পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং সড়কবাতি স্থাপনের মাধ্যমে সৌন্দর্যবর্ধন কাজ করা হবে।
২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় পৌরসভার প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই পরিছন্নতা, উচ্ছেদ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে জলাবদ্ধতা, দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব কমে আসবে এবং কৃষি জমিতে সেচের সুবিধা নিশ্চিত হবে।
পৌরসভার খাল উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।