Monday, 26th October, 2026

শরীয়তপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

“দেশীয় জাত ও উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, পরিবার পরিকল্পনা উপপরিচালক মাসুদ মামুন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান বলেন, খামারিরা দেশীয় গরু, ছাগল, হাস-মুরগীসহ নানাবিধ প্রাণি প্রদর্শণ করেছে। দেশীয় জাতের পশু-পাখি থেকে আমরা ক্ষতিকর ক্যামিক্যাল মুক্ত খাবার পাব। এই প্রদর্শনীর মাধ্যমে খামারীরা উৎসাহিত হবে। আজ মেলার উদ্বোধন ঘোষণা করা হলো। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ মেলা উপলক্ষে প্রাণিসম্পদ কর্তৃপক্ষ সেবা প্রদান করবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. আবু বকর সিদ্দিক বলেন, প্রাণি পালন বা উৎপাদনে যেন ক্ষতিকর এনট্রিবায়েটিক যত্রতত্র ব্যবহার না করা হয় সেই বিষয়ে খামারিদের সচেতন করে থাকি। এর কুফল সম্পর্কে লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করে থাকি। ঔষধ কোম্পানির প্রতিনিধি বা ঔষধ বিক্রেতাদের সচেতন করা হয়েছে। এখন ক্ষতিকর ঔষধ ব্যবহার কম হয়। এই মেলা থেকে মানুষ আরো বেশী সচেতন হবে বলে তিনি মনে করেন।