Monday, 26th October, 2026

মাদকের সিন্ডিকেট ভেঙ্গে দিতে কাজ করবে পুলিশ: পুলিশ সুপার রওনক জাহান

মাদক বহনকারীকে গ্রেফতার করার মধ্যে আমাদের তেমন সাকসেস নেই। মাদকের যোগানদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানালেন শরীয়তপুরের পুশিল সুপার হিসেবে নব যোগদানকৃত রওনক জাহান। সারাদেশে পুলিশ সুপারদের বদলী কার্যক্রমে তিনি শরীয়তপুরে এসেছেন। গত ২৯ নভেম্বর শরীয়তপুরে যোগদান করেন তিনি। ৬ ডিসেম্বর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মাদকের সিন্ডিকেট ভেঙ্গে দিতে চাই। সাংবাদিকরা তথ্য দিয়ে সেই মহৎ কার্যক্রমে যাতে অংশগ্রহণ করতে পারে তাই মিডিয়া সেল তৈরী করা হবে। সাংবাদিকরা অভয়ে সেখানে তথ্য প্রদান করতে পারবেন। এছাড়াও চুরি, ডাকাতিসহ কিশোর গ্যাংদের বিরুদ্ধে শোচ্চার থাকবে পুলিশ। একটি সুন্দর পরিবেশ তৈরী করে শরীয়তপুরে আইন-শৃঙ্খলা বজায় রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন মতবিনিময় সভা থেকে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, তানভির হোসেন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, ডিআইও-১ মাকসুদুল আলম, জেলা কর্মরত সাংবাদিক মজিবুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।