Saturday, 24th October, 2026

নড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম

শরীয়তপুর নড়িয়া উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সুরেশ্বর মাছ ঘাটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা, বাংলাদেশ কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার মোঃ জাকারিয়া (কন্টিনজেন্ট কমান্ডার, বিসিজি স্টেশন ভেদরগঞ্জ), নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ঘড়িসার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, জাটকা সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্ধারিত সময়ে জাটকা আহরণ বন্ধ রাখতে পারলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে, যাতে জেলেরা ক্ষতিগ্রস্ত না হন।
অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।