এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে বগুড়ায় ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেওয়া হবে না। পরীক্ষা নিয়ে দীর্ঘসূত্রতা বা অযথা কালক্ষেপণের সুযোগও রাখা হবে না। যারা সাধারণ শিক্ষাব্যবস্থায় এগিয়ে যেতে পারবে না, তাদের কারিগরি শিক্ষাব্যবস্থায় নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী। অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী বক্তব্য দেন।
পরে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, যা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে খেলাধুলা শুরু হয়েছে, মাধ্যমিক পর্যায়েও তা চালু রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ডকাপ আয়োজনের মাধ্যমে পড়ালেখার সঙ্গে খেলাধুলার সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।