Tuesday, 6th October, 2026

নিখোঁজের ৮ দিনের মাথায় মায়ের মৃত্যু, এখনও সন্ধান মেলেনি সাবরিনার

শরীয়তপুরের জাজিরায় নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী সাবরিনা আক্তার শিমুর। মেয়ের নিখোঁজের পর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন তার মা। এরই মধ্যে গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করে মারা যান তিনি। মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

সাবরিনা জাজিরা উপজেলার কাজীরহাট এলাকার ডুবিসায়বর গ্রামের বাহাদুর দেওয়ানের মেয়ে। গত ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় সাবরিনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেন। কোথাও সন্ধান না পেয়ে পরে জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। পরিবারের দাবি, সাবরিনা নিখোঁজ হওয়ার পর থেকেই তার মা মেয়ের চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই দিন কাটছিল তার। এরই মধ্যে ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ২টার দিকে স্ট্রোক করে মারা যান তিনি।

সাবরিনার বাবা বাহাদুর দেওয়ান বলেন, ‘মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এখন পর্যন্ত সে কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। মেয়ের চিন্তায় আমার স্ত্রীও চলে গেলেন। আমরা মেয়েকে ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

সাবরিনার বোন সারাহ সাবরিন বলেন, ‘নিখোঁজ হওয়ার পর একদিন ফোন করে শুধু “রংপুর” বলেছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আমরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছি, ফোন করেছি, মেসেজ ও ভয়েস মেসেজ পাঠিয়েছি; কিন্তু কোনো সাড়া পাইনি। আমার মা মেয়ের চিন্তায় মারা গেছেন। আমরা চাই, দ্রুত আমার বোনের সন্ধান পাওয়া যাক।’ এদিকে পুলিশ জানিয়েছে, সাবরিনার নিখোঁজের ঘটনা তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে এক তরুণের সঙ্গে তার রংপুরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থানও শনাক্ত করা হয়েছিল বলে জানায় পুলিশ। পরে ওই সিমটি বন্ধ হয়ে যায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে একটি ছেলের সঙ্গে সাবরিনা রংপুরে গেছে। তার মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করা হয়েছিল। পরে ব্যবহৃত সিমটি বন্ধ হয়ে যায়।’ তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার পর সাবরিনার মায়ের সঙ্গেও তার কথা হয়েছিল। তখন সে জানিয়েছিল, সে বাড়িতে ফিরবে না। তবে সাবরিনার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবরিনার পরিবার বলছে, মেয়েটির অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত সাবরিনার সন্ধান ও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com