শরীয়তপুরের গোসাইরহাটে রান্নাঘরে আগুনে পুড়ে নিহাদ কবিরাজ নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসুদেবচাপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিহাদ কবিরাজ ওই গ্রামের আলী আবজাল কবিরাজ ও ফরিদা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহাদের মা ফরিদা বেগম বাড়ির রান্নাঘরে পাটখড়ি দিয়ে রান্না করছিলেন। একপর্যায়ে তিনি বিলে ছাগল বাঁধতে যাওয়ার জন্য শিশুটিকে রান্নাঘরে রেখে বাইরে যান। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে দ্রুত বাড়িতে ফিরে এসে রান্নাঘরে আগুন জ্বলতে দেখেন।
পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে রান্নাঘরের ভেতর শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, আগুনে পুড়ে শিশুটির মৃত্যু হয়েছে।