শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। খেলনা বল মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। বিষয়টি দেখে সহপাঠী কামরুল তার কাছে থাকা বস্তুটি সম্পর্কে জানতে চান।
পরে দুজন মিলে বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বলে শনাক্ত করেন। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ ককটেলটি হাত থেকে ফেলে দেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা কামরুল গুরুতর আহত হন।
বিস্ফোরণে কামরুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।