Monday, 12th October, 2026

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

জেলে কার্ড ছাড়াই স্লিপে চাল বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ, বন্ধ ছিল বিতরণ কার্যক্রম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে জেলেদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমরান হোসেন বাবু বকাউলের বিরুদ্ধে। জেলে কার্ড নেই—এমন ব্যক্তিদের স্লিপের মাধ্যমে চাল দেওয়া এবং নিবন্ধিত জেলেদের নির্ধারিত ২৫ কেজির পরিবর্তে কম চাল দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা। অভিযোগের পর প্রায় এক ঘণ্টা চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখে উপজেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে চরভাগা ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মা ইলিশসহ সব ধরনের মাছের প্রজনন সুরক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে নিবন্ধিত প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চরভাগা ইউনিয়নে এ কর্মসূচির আওতায় ১ হাজার ৬৭৮ জন জেলের জন্য চাল বরাদ্দ রয়েছে।

কার্ড ছাড়াই স্লিপে চাল বিতরণের অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেদের অভিযোগ, রোববার দুপুরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত থাকলেও ইমরান হোসেন বাবু বকাউল কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জেলে কার্ড নেই—এমন কয়েকজন ব্যক্তিকে স্লিপের মাধ্যমে চাল দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, বৈধ জেলে কার্ড থাকা সত্ত্বেও অনেকে চাল না পাওয়ার অভিযোগ করেন।

জেলেদের আরও অভিযোগ, কোথাও কোথাও নির্ধারিত ২৫ কেজির পরিবর্তে ২৩ কেজি চাল দেওয়া হয়েছে। তবে কতজন জেলে কম চাল পেয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

চরভাগা বাঁশতলা এলাকার জেলে সুমন মিয়া বলেন, “সকাল থেকে কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো চাল পাইনি। অথচ যারা জেলে নন এবং যাদের কার্ডও নেই, তাদের নাম ধরে ডেকে চাল দেওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, তাই প্রতিবাদ করতে পারি না। কিছু বললে চাল দেওয়া হবে না বলে বাবু বকাউল হুমকি দেন।”

চরভাগা এলাকার জেলে রিয়াদ মিয়া বলেন, “সরকার আমাদের ২৫ কেজি করে চাল দিচ্ছে, কিন্তু আমি পেয়েছি ২৩ কেজি। আগে চেয়ারম্যান-মেম্বাররা চাল বিতরণ করতেন, এবার বিএনপি নেতাদের চাল বিতরণ করতে দেখলাম। অনেকেই বৈধ কার্ড নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু চাল পাচ্ছেন না। যাদের স্লিপ আছে, তাদের আগে দেওয়া হচ্ছে বলে শুনেছি।”

অভিযোগের পর বন্ধ থাকে বিতরণ কার্যক্রম

চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন প্রায় এক ঘণ্টা কার্যক্রম বন্ধ রাখে। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থলে গিয়ে জেলে কার্ড যাচাই করে পুনরায় চাল বিতরণ শুরু করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান হোসেন বাবু বকাউল বলেন, “স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ আমাকে বিষয়টি দেখভাল করার জন্য এখানে পাঠিয়েছেন। কেউ অনিয়ম করছে কি না, তা তদারকি করছি।”

কার্ড ছাড়া স্লিপের মাধ্যমে চাল বিতরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি রাজনীতি করি, সামনে নির্বাচন; তাই ভোটারদের আকৃষ্ট করতে অনেক কিছুই করতে হয়।”

চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কেন তদারকি করছেন—এমন প্রশ্নের জবাব না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

চরভাগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম মল্লিক বলেন, “জেলেদের চাল বিতরণ কাগজে-কলমে আমাদের দায়িত্ব হলেও এখন আমরা পরিষদে যেতে পারি না। স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে কয়েকজন চাল বিতরণ করছেন। দুপুরে কার্ড ছাড়াই স্লিপের মাধ্যমে চাল বিতরণের খবর পাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে প্রায় এক ঘণ্টা বিতরণ বন্ধ রাখেন। পরে মৎস্য কর্মকর্তা এসে বিতরণ কার্যক্রম শুরু করেন।”

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, “দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানান, চরভাগা ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়ম হচ্ছে। খবর পেয়ে ট্যাগ কর্মকর্তাকে ফোন করে বিতরণ বন্ধ রাখতে বলি। পরে ঘটনাস্থলে গিয়ে জেলে কার্ড যাচাই করে পুনরায় বিতরণ শুরু করি। যাদের জেলে কার্ড নেই, তারা এ চাল পাবেন না।”

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক বলেন, “দুপুরে স্থানীয় কয়েকজন জেলে আমাকে জানান, কার্ড ছাড়াই স্লিপের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। বিষয়টি জানার পর মৎস্য কর্মকর্তাকে দ্রুত সেখানে পাঠানো হয়। পরে ট্যাগ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা সরাসরি চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com