বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় শরীয়তপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে ৫ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।
বুধবার (১ এপ্রিল) সকালে শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে শরীয়তপুর (প্রেমতলা) সড়কে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সড়ক বিভাগ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, শরীয়তপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, শরীয়তপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইখতিয়ার মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, শরীয়তপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।