Wednesday, 21st October, 2026

শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নির্বাচনী বক্তব্য বিকৃতিকারী ও অপচারকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। বুধবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সকল কথা ব্যক্ত করেন আবুল হাসেম তপাদার।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার বলেন, ডোমসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভর্তাইসার প্রাইমারি স্কুল মাঠে আমার বক্তব্যে আমি দলীয় নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য রাখি এবং কোন ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেওয়া যাবে না এধরণের কথা বলিনি। এক শ্রেণির চক্রান্তকারীরা দলীয় নির্বাচনী সভায় দেয়া আমার বক্তব্য এডিট করে বিকৃত ভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এই কারণে আমার ও দলের মানসম্মান ক্ষুন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা ছাত্রলীগ আহবায়ক মহসীন মাদবর প্রমূখ।