Wednesday, 21st October, 2026

শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকালে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. শওকত আরা আক্তার উর্মি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অব:), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি আবদুর রশিদ জিতু।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে গৃহীত যুগান্তকারী পদক্ষেপ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণমুখী রাজনৈতিক দর্শন আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস।