গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং প্রান্তিক পরিবারের পুষ্টি চাহিদা পুরণে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ২,৪০০ টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে ব্র্যাকের শরীয়তপুর-১ রিজিয়নের জয়বাংলা বাজার এরিয়া অফিসের আওতাধীন ২টি শাখা (জয়বাংলা বাজার ও খাস বাজার) অফিস আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: সাইদুল ইসলাম। তিনি বলেন, হাঁস পালন গ্রামীণ পরিবারের জন্য একটি সহজ, টেকসই ও লাভজনক আয়ের উৎস। ব্র্যাক সব সময় প্রান্তিক মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা এই কর্মসূচির সুফল ভোগ করে নিজেদের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) সুজিত কুমার সরকার শাখা ব্যবস্থাপক (দাবি) মো: নজরুল ইসলাম, বিডিইউ পিন্টু রঞ্জন রায় চৌধুরী, লিড জেনারেশন গোবিন্দ কুমার চৌধুরী এক্সটেনশন অফিসার কৃষি ও বীমা ইউনিট সুমন কুমার সরকার ও সংশ্লিষ্ট শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ ধরণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও ব্র্যাক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।
উপকারভোগীরা ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, হাঁস পালন থেকে প্রাপ্ত আয় তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।