শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে দীর্ঘদিনের বিভেদ দূর করে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। একটি ছোট খালকে কেন্দ্র করে ইউনিয়নের এপার ও ওপারের মানুষের মধ্যে সৃষ্ট দূরত্ব নিরসনে স্থানীয় বাসিন্দাদের একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ উদ্যোগ নেন।
মতবিনিময় সভায় হুইপ অপু বলেন, শিধলকুড়া একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। একসময় এখানকার পরিবারগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু একটি ছোট খালকে কেন্দ্র করে এপার ও ওপারের মানুষের মধ্যে বিভাজন তৈরি হওয়ায় তিনি ব্যথিত।
তিনি বলেন, “আমি চাই না, আমার পরিবারের মধ্যে একটা খাল নিয়ে বিভাজন তৈরি হোক। আমাদের মধ্যে অনৈক্য বা মতপার্থক্য থাকুক, তাও আমি চাই না।”
সভায় স্থানীয় মুরুব্বি, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর স্থানীয়দের সম্মিলিত অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে হুইপ অপু বলেন, সবাই একত্র হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বিভেদ দূর করার উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, “আজ থেকে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না।”
এ সময় এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন হুইপ অপু। একটি খালকে কেন্দ্র করে যেন মানুষের মধ্যে দূরত্ব ও বিভেদ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব নিরসন করে ঐক্যবদ্ধ সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সভায় গুরুত্ব পায়।