মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় যমুনা নদীতে এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানকালে নদী থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে স্থানীয় জনসম্মুখে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নদীতে নজরদারি ও অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মৎস্যসম্পদের সুরক্ষা এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।