শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে ছয় জেলেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য প্রশাসন। অভিযানে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
মৎস্য প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, ইলিশ মাছ ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বাকি ছয় জেলেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে মৎস্য প্রশাসনের নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখা হবে।