শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানের সময় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের স্পিডবোট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন একদল জেলে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পদ্মা নদীর পালেরচর ইউনিয়নের দুর্গম চর কলিকাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে অভিযানকারী দলের দুই সদস্য সামান্য আহত হয়েছেন।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে পদ্মা নদীর জাজিরা অংশে মা ইলিশ রক্ষায় অভিযান শুরু হয়। এতে কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সদস্যরা অংশ নেন।
অভিযানকারী দল সকাল ৯টার দিকে চর কলিকাল এলাকায় পৌঁছালে একদল জেলে সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে তাদের বোট লক্ষ্য করে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় অভিযানকারী দলের সদস্যরা সাময়িকভাবে পিছু হটেন।
পরে অতিরিক্ত নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেন। যৌথ বাহিনীর তৎপরতায় হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় অভিযান দলের দুই সদস্য সামান্য আহত হন।
জেলা মৎস্য বিভাগ জানায়, সোমবার ভোর থেকে পরিচালিত অভিযানে সকাল পর্যন্ত ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া তিন লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দুর্গম চর এলাকায় অভিযান চলাকালে কিছু অসাধু জেলে ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা চালান। পরে তাদের নিবৃত্ত করা হয়। জেলা প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সদস্যরা অভিযানে সঙ্গে থাকায় হামলাকারীরা পিছু হটে খালের মধ্য দিয়ে চলে যান।
তিনি আরও বলেন, অভিযানের মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়ে জেলেদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। পরে তিনি বিভিন্ন পয়েন্টে গিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলেন এবং নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান।