নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
সভায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।