নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। মঙ্গলবার (ভোর সোয়া ৪টার দিকে) বনপাড়া এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায় বলে জানান জেলা প্রশাসক।
বড়াইগ্রাম বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। সড়কটি প্রশস্ত করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।”
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার জানান, বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।