আজ , , ,

এত বড় অপরাধের জন্য পদত্যাগ যথেষ্ট নয়: হাসনাত আবদুল্লাহ

বড় ধরনের অপরাধের ক্ষেত্রে শুধু পদত্যাগ যথেষ্ট নয়, বরং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অপরাধের অভিযোগ উঠলে কাউকে শুধু পদত্যাগ করিয়ে দায়মুক্তি দেওয়া যায় না। অপরাধ ফৌজদারি প্রকৃতির হলে যথাযথ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাঁর ভাষায়, পদত্যাগ করানো বর্তমান সরকারের ‘শর্ট টাইম প্যারাসিটামল থেরাপি’।

একজন সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ ওঠার পর তাঁকে শুধু পদত্যাগ করানো হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, পদত্যাগ কখনোই অপরাধের শাস্তি হতে পারে না। অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি প্রশ্ন তোলেন, পরিস্থিতি কতটা খারাপ হলে একজন প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে হয়।

হাসনাতের অভিযোগ, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যথাযথ ভূমিকা পালনের কথা থাকলেও একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হচ্ছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমে ঘাটতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইশরাককে হয়তো রাস্তায় নামতে হতো না। বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দুর্নীতি, ঘুষ ও জমি দখলের মামলায় সাজাপ্রাপ্ত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তাঁর মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে। এ পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি তাঁর পদত্যাগও দাবি করেন তিনি।

সাধারণ মানুষের নিরাপত্তার প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, “আমার হাতে অস্ত্র নেই, আপনার হাতে অস্ত্র নেই, সাধারণ মানুষের হাতেও অস্ত্র নেই। তাহলে তারা কী নিয়ে রাস্তায় নামবেন?”

এনসিপির এই নেতা আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিমন্ত্রীর একটি ছবিতে তাঁর পেছনে পাভেল নামের এক ব্যক্তিকে লাইসেন্সবিহীন অস্ত্র হাতে দেখা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রশ্ন তুলে তিনি নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানান।

পরে রাতে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com