দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, মোংলা বন্দরের বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এ অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করার কথা রয়েছে তাঁর।
পরবর্তী সময়ে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
সংশ্লিষ্টদের মতে, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এ সফরে বিশেষ গুরুত্ব পাবে। সুন্দরবন, সমুদ্রবন্দর ও শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর হলেও স্থানীয় মানুষ তাঁকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন। সফর সফল করতে প্রশাসন ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে যাত্রা করবেন। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।