আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়াই শেষ কথা নয়, বরং জনগণের আস্থা অর্জন ও ভোটে জয়ের সক্ষমতাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়ে দলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমন প্রার্থী নির্বাচন করতে হবে, যাঁরা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রাখেন। শুধু দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে জয় নিশ্চিত হয় না; এ জন্য জনগণের আস্থা অর্জন করা জরুরি।
তিনি দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলারও তাগিদ দেন তিনি।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে সভায় আলোচনা হয়।
দলীয় মনোনয়নের পাশাপাশি জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়ার এই নির্দেশনা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।