মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে হামলা ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রভাবে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এ রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট সূচিতেও পরিবর্তন এসেছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে যাত্রীদের যাত্রা পরিকল্পনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে যাঁদের নির্ধারিত সময়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল, তাঁদের অনেকে নতুন সূচির জন্য অপেক্ষা করছেন। একইভাবে ট্রানজিট ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট সূচি পরিবর্তিত হতে পারে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।