আজ , , ,

চট্টগ্রামে ট্রাকের গোপন কুঠুরিতে মিলল ৩ লাখ ২০ হাজার ইয়াবা

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে তাদের কাছে তথ্য আসে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ।

পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো স্থান থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সোহরাব আলী এবং মায়ের নাম আছিয়া বেগম।

অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com