আজ , , ,

নিরাপদ সড়কের প্রত্যয়ে আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমানো, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’। দেশের সামগ্রিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা সড়ক নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে পরিণত করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে সরকার ইতোমধ্যে সড়ক নিরাপত্তা আইন, ২০২৬-এর একটি খসড়া প্রস্তুত করেছে। প্রস্তাবিত আইনে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে সহায়তাকারীদের আইনি সুরক্ষা দেওয়া, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা চালু এবং পুনরায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে দ্বিগুণ জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রণীত খসড়া আইনটির মূল লক্ষ্য হলো দুর্ঘটনা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা, যানবাহন ও সড়ক অবকাঠামোর নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি সমন্বিত আইনি কাঠামো গড়ে তোলা।

চলতি মাসের ১৪ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের অঙ্গীকার করে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অভিনেতা ইলিয়াস কাঞ্চন দেশবাসীর প্রতি আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, চালকের ক্লান্তি ও অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন, অনিরাপদ সড়ক এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসার অভাবে অনেক প্রাণহানি ঘটে।

এসব দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে তথ্যভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সময়বদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন নয়, বরং আইনের কার্যকর প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com