গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন দেখতে পেয়ে কারখানার কর্মী ও স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নেভাতে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘিরে ফায়ার ফাইটিং কৌশল প্রয়োগ করা হয়। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।