রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিমকার্ড, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, মিরপুর বিভাগে ২০৬ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, এসআরইউ বিভাগে চারজন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিমকার্ড, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজা ভর্তি কলকি ও কাটারও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।