শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেড়াচিকন্দী গ্রামে ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেছেন স্পেনের বার্সেলোনাপ্রবাসী মো. জাকির হোসেন খান। তাঁর পরিবারের উদ্যোগে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বেড়াচিকন্দী গ্রামে জাকির হোসেন খানের নিজ বাড়িতে এ উপলক্ষে চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও শরীয়তপুর জেলা সংগঠন, বার্সেলোনা, স্পেনের উপদেষ্টা আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন ডোমসার ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন শিকদার। এ সময় জাকির হোসেন খানের বাবা মোজাম্মেল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আবুল হোসেন সরদার বলেন, জাকির হোসেন খানের উদ্যোগে ১০০টি দরিদ্র পরিবারের হাতে এক বস্তা করে চাল তুলে দেওয়া হয়েছে। এর আগেও তিনি এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে চাল, ডাল, তেল, কম্বলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। তাঁর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। জাকির হোসেন খানের এ সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাকির হোসেন খানের বাবা মোজাম্মেল খান বলেন, তাঁর ছেলেরা প্রবাসে থাকেন। তাঁদের উদ্যোগেই এলাকার ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। প্রতিবছর ঈদসহ বিভিন্ন উপলক্ষে তাঁরা অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেল, কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ছেলেদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বিশেষ অতিথি আমির হোসেন শিকদার বলেন, জাকির হোসেন খান প্রতিবছর এলাকার মানুষের মধ্যে আট থেকে দশ ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া শীতকালে কম্বল বিতরণের পাশাপাশি এলাকার রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ স্থাপনের ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে বলে তিনি জানান।
চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি বাবুল শিকদার, মামুন খান, খোকন সরদার, আয়নাল সরদার, আল আমিন শিকদার, আব্দুল মালেক শিকদার, মোকারম খান, ইকবাল ফকির, মহিবুল্লাহ শিকদার ও মিজান কোটারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।