কওমি ঘরানার আলেম ও ইমামদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, দেশের ইমাম-আলেমদের জন্য প্রয়োজনে নিজের রক্ত দিতেও দ্বিধা করবেন না।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “এ দেশের ইমাম-আলেম, কওমি ওলামায়ে কেরাম যারা আছেন, যারা ইসলামের ধারক-বাহক; তাদের জন্য যদি গায়ের রক্ত দিতে হয়, তবে রক্ত দেব, দ্বিধা করব না ইনশাআল্লাহ।”
সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, সম্মেলনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন।