আজ , , ,

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর; আহত ২

গোপালগঞ্জের সদর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুরের চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান একদল ব্যক্তি। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে সদর থানার এসআই ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ওসি আরও জানান, আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলা ও গাড়ি ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শহরের পরিবেশ স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানোসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com