ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা ও ধর্মীয় প্রার্থনাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু ও সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।