আজ , , ,

সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলে-বাওয়ালিরা, নির্মূলের দাবিতে শ্যামনগরে হাজারো মানুষের মানববন্ধন…

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী-কৈখালী মাদার নদীর সেতুর ওপর আয়োজিত এ মানববন্ধনে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন সুন্দরবন। মাছ ও কাঁকড়া আহরণসহ বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে জেলে-বাওয়ালিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে প্রবেশ করেও তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, বনদস্যুদের ভয়ে অনেক জেলে ও বাওয়ালি জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে বাধ্য হচ্ছেন। অপহরণ ও মুক্তিপণের ঘটনা বন্ধ করতে না পারলে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা আরও সংকটের মুখে পড়বে।

এ সময় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের বিরুদ্ধে স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।

এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন, বাঘের সঙ্গে লড়াই করে জেলেদের উদ্ধার করে আনা ব্যক্তি আব্দুল গণি ওরফে টাইগার গণি, জেলে শফিকুল ইসলাম এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আক্তার হোসেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাঁদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com