‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে চারজন যুব উদ্যোক্তাকে মোট ৪ লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়েছে। প্রত্যেককে দেওয়া হয়েছে ১ লাখ টাকা করে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম।
স্বাগত বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি যুবকদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
আলোচনা সভা শেষে চারজন যুব উদ্যোক্তার প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার যুবঋণের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুবক-যুবতী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত আরও কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, সনদপত্র বিতরণ, ‘সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা এবং প্রশিক্ষণ উদ্বোধন।