আজ , , ,

দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকায়…

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন আবারও হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্টে) রিটটি শুনানির জন্য রাখা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

আসিফ মাহমুদের পক্ষে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। রিট দায়েরের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছিলেন।

রিট আবেদনে দুদকের গত ২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত পৃথক দুটি সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনগুলোতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক।

রিটে বলা হয়েছে, দুদকের এসব সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। এ কারণে সংবাদ সম্মেলন দুটির কর্তৃত্ব ও বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক। তবে পরে দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন।

অন্যদিকে, গত ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র থেকে শত কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ তোলা হয়। পাশাপাশি বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের কথাও জানানো হয়েছিল।

এসব অভিযোগের প্রেক্ষাপটে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে আদালতের শরণাপন্ন হন আসিফ মাহমুদ। এখন হাইকোর্টে রিটটির শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com