আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে ডাকটিকিটটি অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত এ স্মারক ডাকটিকিট দিবসটির স্মরণে ডাক বিভাগের বিশেষ প্রকাশনা হিসেবে সংযোজিত হলো।